সরস্বতী পুজো উপলক্ষে মেট্রোর সময়সূচিতে বড়সড় পরিবর্তন, বিস্তারিত জেনে নিন

22nd January 2026 10:32 am State News
সরস্বতী পুজো উপলক্ষে মেট্রোর সময়সূচিতে বড়সড় পরিবর্তন, বিস্তারিত জেনে নিন


২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। একই দিনে শুক্রবার পড়েছে সরস্বতী পুজো। এই দুই উপলক্ষ্যে কলকাতার একাধিক রুটে মেট্রো পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ওই দিন ব্লু লাইন ও ইয়েলো লাইনে ট্রেনের সংখ্যা কমানো হবে। তবে পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা অন্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, ২৩ জানুয়ারি ব্লু লাইনে স্বাভাবিক ২৭২টির বদলে মোট ২৩৬টি মেট্রো চলবে। এর মধ্যে ১১৮টি আপ ও ১১৮টি ডাউন ট্রেন থাকবে। অন্যদিকে ইয়েলো লাইনে ১২০টির পরিবর্তে চলবে ৯২টি মেট্রো। যদিও শুক্রবার নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অতিরিক্ত ২টি আপ ট্রেন চালানো হবে।

শুক্রবারের ব্লু লাইনের সময়সূচি অনুযায়ী, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম ট্রেনও ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৫৪ মিনিটে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। শেষ ট্রেন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাবে রাত ৯টা ২৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে নোয়াপাড়ার উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৩ মিনিটে।

ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৮ মিনিটে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশে প্রথম মেট্রো মিলবে সকাল ৭টা ৪০ মিনিটে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৫৮ মিনিটে। অন্যদিকে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে।

এছাড়াও, আগামী ১ ফেব্রুয়ারি রবিবার কলকাতা বইমেলাকে কেন্দ্র করে ব্লু লাইনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই দিন আপ ও ডাউন মিলিয়ে স্বাভাবিক ১৩০টির পরিবর্তে ১৬০টি মেট্রো চালানো হবে। প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৯টা থেকে। পাশাপাশি রাতে দু’টি অতিরিক্ত মেট্রো চালানোর কথাও জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।





Others News

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |


সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গে আজ প্রকাশিত হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর পর চূড়ান্ত ভোটার তালিকা। আসন্ন নির্বাচনের আগে এই তালিকা প্রকাশ রাজ্য রাজনীতি ও প্রশাসনিক স্তরে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।


ভোটার তালিকার গুরুত্বপূর্ণ দিকসমূহ

  • মোট ভোটারের সংখ্যা: খসড়া তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৮ লক্ষ, যা এই চূড়ান্ত তালিকাতেও অপরিবর্তিত থাকছে।

  • বিশেষ ক্যাটেগরি বিভাজন: এবারের তালিকায় নামের পাশে বিভিন্ন বিশেষ মন্তব্য বা 'মার্ক' থাকছে। যাদের আবেদন সম্পূর্ণ মঞ্জুর হয়েছে, তাদের নাম স্বাভাবিকভাবেই তালিকায় থাকছে।

  • বাতিল হওয়া নাম: যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ছে, তাদের নামের পাশে স্পষ্টভাবে "Deleted" (বাতিল) লেখা থাকবে।

  • বিচারাধীন আবেদন: যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নথিপত্র এখনও বিচারবিভাগীয় আধিকারিকদের দ্বারা খতিয়ে দেখা হচ্ছে, তাদের নামের পাশে "Under Adjudication" (বিচারাধীন) উল্লেখ করা থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভিন রাজ্য থেকেও বিচারবিভাগীয় আধিকারিকদের এই কাজে নিয়োগ করা হয়েছে।

  • তালিকা দেখার সুবিধা: চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) ওয়েবসাইট এবং ECI Net অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। এছাড়া জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও অফিসেও অফলাইন কপি সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উপলব্ধ থাকবে।


রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে, এই প্রথমবার কোনো ভোটার তালিকায় 'Adjudication' বা বিচারাধীন মার্ক যুক্ত করা হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই যাচাই পর্ব চলবে এবং পরবর্তীতে একাধিক সাপ্লিমেন্টারি বা পরিপূরক তালিকাও প্রকাশ করা হবে।