কৃষকদের জন্য ১৯৭ কোটির ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

17th October 2023 4:37 pm State News
 কৃষকদের জন্য ১৯৭ কোটির ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে এ বার মরসুমে চাষের বীজ বপন করতে পারেননি রাজ্যের কৃষকরা। তাই শারদোৎসবের সময়ে রাজ্যের কৃষকদের জন্য বড়সড় ছাড়ের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘২ লক্ষ ৪৬ হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য ১৯৭ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। যাঁরা বৃষ্টিপাতের ঘাটতির কারণে ধান বপন করতে পারেননি, তাঁদের দাবির কথা মাথায় রেখেই বাংলা শস্য বীমা (বিএসবি)-র অধীনে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এই ফসল বীমা প্রকল্পে পুরো প্রিমিয়ামের পরিমাণ পরিশোধ করার দায়িত্ব রাজ্য সরকারের। কৃষকদের কিছু দিতে হবে না।’’ মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার ফলে ক্ষতিগ্রস্থ কৃষকদের আর বীমার জন্য নিজেদের পকেট থেকে অর্থ খরচ করতে হবে না বলেই দাবি করেছেন প্রশাসনিক আধিকারিকরা।

 

উৎসবের মরসুমে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় স্বস্তি পাবে রাজ্যের কৃষকসমাজ বলেই দাবি প্রশাসনিক কর্তাদের একাংশের। কারণ সরকারি নথি অনুযায়ী, রাজ্যে বিভিন্ন জেলার বিক্ষিপ্ত বৃষ্টি কারণে সমস্যায় পড়তে হয়েছিল কৃষকদের। প্রায় আড়াই লক্ষ কৃষক এই সমস্যার মধ্যে পড়েছিলেন বলেই জেনেছিল নবান্ন। তারপরেই মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছিল বলে নবান্ন সূত্রে খবর। রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলার পরে এই ছাড়ের কথা ঘোষণা করলেন মমতা।

 

রাজ্য রাজনীতির কারবারিদের একাংশের দাবি, আগামী বছর লোকসভা ভোটের কথা মাথায় রেখে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের পোস্টে কৃষকদের সমস্যা মেটাতে রাজ্য সরকার কত পরিমাণ অর্থ কত সংখ্যক কৃষকদের দিয়েছে, তা-ও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘‘২০১৯ সালে প্রকল্পটি কার্যকর হওয়ার পর থেকে আমরা ৮৫ লক্ষ কৃষককে ২৪০০ কোটির বেশি অর্থ প্রদান করেছি। জয় বাংলা!’’ প্রশাসনিক মহলের একাংশের মতে, আগামী বছর লোকসভা ভোটের আগে গ্রামীণ ভোটব্যাঙ্কে শান দিতেই এমন কৌশল এবং সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের ভাল ফলের পর লোকসভা ভোটেও ভাল ফল করতে বদ্ধপরিকর তৃণমূল নেতৃত্ব। তাই উৎসবমুখর পরিবেশেই তিনি নিজের ঘোষণা দিয়ে কৃষকসমাজের সমর্থন পেতে চেয়েছেন।





Others News

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |


সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গে আজ প্রকাশিত হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর পর চূড়ান্ত ভোটার তালিকা। আসন্ন নির্বাচনের আগে এই তালিকা প্রকাশ রাজ্য রাজনীতি ও প্রশাসনিক স্তরে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।


ভোটার তালিকার গুরুত্বপূর্ণ দিকসমূহ

  • মোট ভোটারের সংখ্যা: খসড়া তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৮ লক্ষ, যা এই চূড়ান্ত তালিকাতেও অপরিবর্তিত থাকছে।

  • বিশেষ ক্যাটেগরি বিভাজন: এবারের তালিকায় নামের পাশে বিভিন্ন বিশেষ মন্তব্য বা 'মার্ক' থাকছে। যাদের আবেদন সম্পূর্ণ মঞ্জুর হয়েছে, তাদের নাম স্বাভাবিকভাবেই তালিকায় থাকছে।

  • বাতিল হওয়া নাম: যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ছে, তাদের নামের পাশে স্পষ্টভাবে "Deleted" (বাতিল) লেখা থাকবে।

  • বিচারাধীন আবেদন: যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নথিপত্র এখনও বিচারবিভাগীয় আধিকারিকদের দ্বারা খতিয়ে দেখা হচ্ছে, তাদের নামের পাশে "Under Adjudication" (বিচারাধীন) উল্লেখ করা থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভিন রাজ্য থেকেও বিচারবিভাগীয় আধিকারিকদের এই কাজে নিয়োগ করা হয়েছে।

  • তালিকা দেখার সুবিধা: চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) ওয়েবসাইট এবং ECI Net অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। এছাড়া জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও অফিসেও অফলাইন কপি সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উপলব্ধ থাকবে।


রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে, এই প্রথমবার কোনো ভোটার তালিকায় 'Adjudication' বা বিচারাধীন মার্ক যুক্ত করা হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই যাচাই পর্ব চলবে এবং পরবর্তীতে একাধিক সাপ্লিমেন্টারি বা পরিপূরক তালিকাও প্রকাশ করা হবে।