আরিয়া ৩ তেও রণংদেহি মেজাজ বজায় রাখলেন সুস্মিতা সেন।

7th November 2023 9:26 pm Entertainment
আরিয়া ৩ তেও রণংদেহি মেজাজ বজায় রাখলেন সুস্মিতা সেন।


প্রথম দুই সিরিজে যেভাবে এক গৃহবধূর মাফিয়া ডন হয়ে ওঠার গল্প দেখিয়েছিল আরিয়া, তিন নম্বর সিরিজে ঠিক ততটাই অস্তিত্বের লড়াইয়ে যুঝতে দেখা গেল সুস্মিতা সেনকে। পুরনো প্রেক্ষাপট, গতানুগতিক গল্প নতুন মোড়কে। এই পর্বে সুস্মিতা সিংহীর থেকে কোনও অংশে কম নয়। যে নিজে অপরাধ জগতের লড়াইয়ে নেমেও সন্তানদের উপর কোনও আঁচ আসতে দেয় না। পুরনো শত্রুতা, প্রতিশোধস্পৃহ মন-মানসিকতাকে কেন্দ্র করে ‘আরিয়া ৩’-এর প্রেক্ষাপট। সুস্মিতার ‘মাফিয়া ক্যুইন’ হয়ে ওঠার জার্নির তৃতীয় ধাপ। পরিচালক বেশ নিপুণতার সঙ্গে একেবারে ধাপে ধাপে এগিয়েছেন। এতদিন বাদে দেখতে বসেও গল্পের যোগসূত্র খুঁজে পেতে বেগ পেতে হয় না। কিংবা একঘেয়ে লাগে না। টানটান চিত্রনাট্য। প্রতিটা দৃশ্যেই বিপদের খড়গহস্ত যেন ‘আরিয়া’র মাথার উপর ঝুলতে থাকে। মাদক ব্যবসায় সে এখানে অনেকটাই পরিণত। তাই পুলিশের চোখে ধুলো দিয়ে একধাপ এগিয়েও থাকে অনায়াসে।

পুলিশের তাড়া, শত্রু মাফিয়া গোষ্ঠীর কাছ থেকে ক্রমাগত মোটা ঋণ শোধ করার হুমকি, অন্যদিকে সন্তানদের সামলানো, শত্রুদের হাত থেকে বন্ধুদের রক্ষা করা, মন শক্ত করে তাদের সাপোর্ট সিস্টেম হয়ে ওঠা- একাহাতে সবকিছু সামলাতে গিয়ে নাজেহাল হয়ে পড়লেও স্বামীহারা আরিয়া কিন্তু দমতে নারাজ। গল্পের মাঝেই পর পর ৩টে খুন হয়ে যায়। সকলেই সুস্মিতার বিশ্বস্ত। তাই শত্রুদমনে নিজেই ময়দানে নেমে পড়ে সে। অবশ্যই পরিস্থিতির শিকারে। ভাগ্যের ফেরে, ফাঁদে পা দিয়ে। তবে অসৎ পথ অবলম্বন করে নয়! ঠিক যতটা যাকে ফিরিয়ে দেওয়ার, বুঝিয়ে দেওয়ার, আর্যা জানে তাঁর লক্ষ্ণণরেখা টানতে। সে করেও তাই। কথাতেই আছে ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’। সুস্মিতা সেন অভিনীত ‘আরিয়া’ চরিত্রটির ক্ষেত্রে এই প্রবাদটি একেবারে অক্ষরে অক্ষরে খাটে। অন্ধকার জগতের জালে জড়িয়ে পড়া আরিয়া আদৌ কি পারবে তাঁর সন্তানদের জন্য শেষ লড়াই লড়ে জয়ের হাসি হাসতে? ‘মাফিয়া ক্যুইন’ ইলা অরুণ ওরফে নলিনী সাহেবাকে হারিয়ে সিংহাসন দখল করতে? সেই কৌতূহল কিন্তু জিইয়ে রাখল ‘আরিয়া ৩’। আগামী পর্বে জন্য রুদ্ধশ্বাস অপেক্ষা।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।